প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২১:৩৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ২১:৫২ পিএম
ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে মশকনিধন কার্যক্রম জোরদার করতে কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন মেয়র। প্রবা ফটো
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। এজন্য যার যার ওয়ার্ডের নির্মাণাধীন ভবনমালিকদের তালিকা তৈরি করতে কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই তালিকা অনুযায়ী ভবনমালিকদের চিঠি দেবেন কাউন্সিলররা। আবার এই তালিকা অনুযায়ী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত র্যাপিড অ্যাকশন টিম পরিদর্শন করবে এবং আইনি ব্যবস্থা নেবে বলে জানান মেয়র।
চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে মশকনিধন কার্যক্রম জোরদার করতে কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভায় মেয়র এসব কথা বলেন। রবিবার (৩০ জুলাই) দুপুরে গুলশান-২ নগর ভবনের ৬ষ্ঠ তলায় অডিটোরিয়ামে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
আতিকুল ইসলাম বলেন, ’কাউন্সিলরদের নেতৃত্বে যে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে, সেটি নিজ নিজ এলাকায় মশকনিধন কার্যক্রমের পাশাপাশি ব্যাপক প্রচার চালাবে। সিটি করপোরেশন থেকে শিক্ষার্থীদের জন্য যে আর্টবুক ছাপানো হয়েছে, কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডের সব কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এটি বিতরণ করবে। কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডের জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কর্মকর্তাদের সঙ্গে কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।’
তিনি বলেন, ’কাউন্সিলররা প্রতিটি এলাকার মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সভা করে মশকনিধনে করণীয় সম্পর্কে অবহিত করবে। বিভিন্ন সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও সভা করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করবে। কোন কোন বাড়িতে ডেঙ্গু রোগী আছে, সেটির তালিকা প্রণয়ন করে আশপাশে লার্ভিসাইডিং বাড়াতে হবে।’
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।