প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১২:২২ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ১৩:০১ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ। ফাইল ছবি
রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর রহমান লিসান ( ১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ৭টার দিকে শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় জামিয়া এছাকিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত লিসান শরীয়তপুর জেলার জাজিরা থানার মুজিবর হাওলাদারের ছেলে। তার পরিবারের সদস্যরা কদমতলী পূর্ব জুরাইন এলাকায় বসবাস করেন।
লিসানকে হাসপাতালে নিয়ে আসা ইয়াসিন আরাফাত জানান, লিসান জামিয়া এছাকিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। বুধবার সকালে মাদ্রাসার পাঁচ তলা ভবনের তৃতীয় তলার বেলকুনিতে দাঁড়ানো অবস্থায় তার কাছে থাকা ২০ টাকার একটি নোট দ্বিতীয় তলার টিনের চালের উপরে পড়ে যায়। পরে নোটটি উঠাতে ওই চালে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন লিসান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।