প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৮:৩৭ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:০১ পিএম
ডিএনসিসি মেয়রের মেয়ে বুশরা আফরিন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন। এ প্রসঙ্গে সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসিতে এমন কোনো পদ নেই। এই কারণে এখানে সে অফিস করবে না। তার বেতন-ভাতাও দেবে না ডিএনসিসি।
সোমবার (৮ মে ) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়রস কাপ টুর্নামেন্টের ভলিবল ইভেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আতিকুল বলেন, ’এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তবে এই নিয়োগ বিষয়টি সিটি করপোরেশনের পক্ষ থেকে নয়, এই পদের জন্য সিটি করপোরেশনের কোনো চেয়ার বা পোস্ট নেই। তার যা যা দরকার সবই দেবে আর্শট-রকফেলার ফাউন্ডেশন। তারা এখন পর্যন্ত সারা বিশ্বে সাতজন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ’বুশরা আফরিন আমার মেয়ে। সে নিজের যোগ্যতায় এখানে এসেছে। সিটি করপোরেশন থেকে সে কোনো সুবিধা নেয়নি, পাবেও না। বুশরা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে। সে কার মেয়ে সেটা মুখ্য বিষয় নয়, পুরো এশিয়ার মধ্যে একজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে সে, এটি আসলেই গর্বের বিষয়।’
ডিএনসিসি মেয়রস কাপ দ্বিতীয় আসরের ভলিবল খেলার উদ্বোধনকালে আতিকুল জানান, ভলিবলের জনপ্রিয়তা বাড়াতে ডিএনসিসির ওয়ার্ড পর্যায়ে ভলিবল খেলার আয়োজন করা হবে।
তিনি বলেন, ’খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন। আমরা সিটি করপোরেশন থেকে ইতোমধ্যে অনেকগুলো মাঠ উন্নয়ন করে উন্মুক্ত করে দিয়েছি। বিভিন্ন ডেভেলপার কোম্পানি যখন নকশা প্রণয়ন করে, তখন সেখানে খেলার মাঠ ও পার্ক নির্দিষ্ট করা থাকে। কিন্তু পরে সেই মাঠ ও পার্ক তারা নির্মাণ না করে প্লট আকারে বিক্রি করে দেয়। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন।’
ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলায় অংশ নিতে হবে উল্লেখ করে মেয়র বলেন, ’মেয়েদের উৎসাহিত করতে মেয়রস কাপের এবারের আসরে যুক্ত করেছি নারী ভলিবল ও নারী ক্রিকেট ইভেন্ট।’ যেসব কাউন্সিলর ছেলেদের ক্রিকেট টিমের পাশাপাশি মেয়েদের ক্রিকেট টিম গঠন করবে, তাদের পুরস্কৃত করা ও আলাদাভাবে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।
ডিএনসিসি মেয়রস কাপের প্রথম আসরের মতো এবারও ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা আসনের ১৮টি ওয়ার্ড অংশ নিয়েছে। ভলিবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে ১৮টি এবং নারী বিভাগে ১৪টি দল। উদ্বোধনী খেলায় নারী বিভাগের সংরক্ষিত মহিলা ৬ ও ১৭ নম্বর ওয়ার্ড অংশ নেয়। ১৭ নম্বর ওয়ার্ড ২-০ সেটে জয়লাভ করে।