নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৮:২৩ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৮:২৯ পিএম
নিখোঁজের পাঁচ দিন পর নোয়াখালীর দুই কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। প্রবা ফটো
নোয়াখালী সদর উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর দুই কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়াদের একজন ২১ বছর বয়সি শিক্ষার্থী এবং ১৯ বছর বয়সি অপরজন এক প্রবাসীর স্ত্রী।
শনিবার (৬ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে ঢাকার পল্লবী এলাকা থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। ৩০ এপ্রিল তারা নিখোঁজ হন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায়, নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে আসক্ত। টিকটক ব্যবহারের একপর্যায়ে তাদের সঙ্গে ঢাকার একটি টিকটক দলের পরিচয় হয়।
ডিবি পুলিশ আরও জানায়, পরিচয়ের একপর্যায়ে ঢাকার ওই টিকটক দল তাদের রঙিন জীবনের স্বপ্ন দেখায়। মোহে পড়ে ৩০ এপ্রিল সকালে একসঙ্গে দুই বান্ধবী ঢাকার উদ্দেশে ঘর ছাড়ে। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘণ্টার অভিযান চালিয়ে ঢাকায় টিকটক দলের একটি অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে পল্লবী থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই কিশোরীকে রেখে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘যথাসময়ে উদ্ধার না হলে ওই কিশোরীদের ভারতে পাচার বা যৌনকর্মে বাধ্য করা হতো বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঢাকার টিকটক দলটিকে শনাক্তের চেষ্টা চলছে।’
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, ‘অভিভাবকদের সচেতনতার অভাব রয়েছে। না হয় টিকটকে আসক্ত হয়ে এভাবে ঘর ছেড়ে যেত না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। না হয় আগামীর দিনগুলো আরও খারাপ হতে পারে। বিশেষ করে আমাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে এবং তাদের সঙ্গে মিশতে হবে।’