বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ২৩:৩১ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ০০:২৯ এএম
মো. রাজু আহমেদ। প্রবা ফটো
পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. রাজু আহমেদ। তিনি ইংরেজি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে মেস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রাজুর রুমমেট মো. শরিয়তুল্লাহ জানান, তারা নারিন্দা কাঁচাবাজার চিনি টুকরা মসজিদের পাশে একটি বাড়ির ৫ম তলায় মেসে থাকেন। ঈদের ছুটি কাটিয়ে শনিবার বিকালে গ্রাম থেকে ঢাকায় আসেন রাজু। মেসে এসে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে রাজু হঠাৎ অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের সাথে যোগাযোগ করে লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।