প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ২০:৪২ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২১:৩৬ পিএম
সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঈদ উপলক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, হাইওয়েতে নসিমন ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সোমবার (১৭ এপ্রিল) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্যবাহী গাড়িতে যাত্রী না তুলতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অনুরোধ জানাচ্ছি।’
এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় মিলিত হন।
এ সময় তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুন লাগার বিষয়টি সামনে এনে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কর্মকর্তাদের কাজ করতে হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিপণিবিতান, শপিং মল ও বাজারের নিরাপত্তা ব্যবস্থায় আরও গুরুত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া ঈদের জামাতস্থলের দিকে বাড়তি নজর রাখতে হবে। আমরা সবাই মিলে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুন্দর ঈদ উপহার দিতে পারব।’
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।