প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:২৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:৪০ পিএম
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। প্রবা ফটো
বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। এ সময় তিনি যাদের গাফিলতিতে বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা ও অন্য কর্মকর্তারা।
এ সময় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে প্রায় দুই থেকে তিন হাজার দোকান। সব পুড়ে গেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য আমরা সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রায়ই দেখি এ ধরনের ঘটনায় তদন্ত হয়, প্রতিবেদন জমা হয়, কিন্তু প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয় না। আমরা মনে করি, সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও যাদের গাফিলতির কারণে এমন অগ্নিকাণ্ড হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।’