প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৩:৩৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৩:৫৯ পিএম
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। ফাইল ফটো
রাজধানীর ওয়ারী সুইপার কলোনির আগুনের ঘটনায় নারী, শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা দগ্ধদের উদ্ধার করে সোমবার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে হাসপাতালে ভর্তি করেন।
দগ্ধরা হলেন ৩৬ বছর বয়সি রাজু বসাক ও তার মা ৬০ বছর বয়সি কান্তা রানী, তার স্ত্রী ২৭ বছর বয়সি শান্তি রানী, দুই ছেলে সাত বছর বয়সি কৃষ্ণ ও তিন বছর বয়সি লক্ষ্মণ। আর প্রতিবেশী ৬৫ বছর বয়সি গীতা রানী দে ও ৫২ বছর বয়সি আফজাল।
দগ্ধ রাজুর ভাতিজা শিবা প্রতিদিনের বাংলাদেশকে জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কী থেকে আগুন লেগেছে জানাতে পারেননি তারা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাজুর ১০ শতাংশ, কান্তার ১০, গীতার ১ ও আফজালের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি তিনজনের মধ্যে কৃষ্ণর ৭ শতাংশ, শান্তির ১০ ও লক্ষ্মণের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
গতকাল রবিবার রাত ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর কাপ্তানবাজার ও জয়কালী মন্দিরের পাশেই হানিফ ফ্লাইওভারের নিচে অস্থায়ী দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সুইপার কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।