প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ২১:৫১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৩ ২২:২৮ পিএম
বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। প্রবা ফটো
গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশেই অবস্থিত ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখার আট কর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।
তিনি বলেন, ‘বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণের কারণে জানালার কাঁচ ভেঙে আমাদের কর্মীরা আহত হয়েছেন। তবে গুরুতরভাবে কেউ আহত হননি। হয়তো সেখানে আর শাখাটা রাখা যাবে না। স্থানান্তর করতে হতে পারে।’
বিস্ফোরণের এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসির বাস কাউন্টারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বিস্ফোরণে নিহত ১৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। লাশগুলো প্যাকেটবন্দী করে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। নিহতের মধ্যে দুজন নারী। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।