প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ১৯:৩৬ পিএম
হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রবা ফটো
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আহত এবং নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। হাসপাতালে এসে স্বজনদের খুঁজছেন সবাই।
হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে দেখা গেছে, আহত মানুষদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।
ঢাকা মেডিকেলের ডাক্তার ও নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা হতাহতদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন। ঢামেক হাসপাতালে মরদেহ আনা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে নগরীর ব্যস্ততম সিদ্দিকবাজার এলাকায় বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের ১১টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ১৪ জনের মরদেহ উদ্ধার করেছি। গুরুতর অবস্থায় উদ্ধার করেছি ১০ জনকে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’