প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৪:৩৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৪:৫৫ পিএম
সানজানা মুসাদ্দিকা। ছবি : সংগৃহীত
রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় বাবা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৩১ আগস্ট) দুপুরে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ময়মনসিংহের গফরগাঁও থেকে সানজানার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
শনিবার রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান ব্র্যাকের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সানজানা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওই দিন রাতে সানজানার মৃত্যুর ঘটনায় তার মা উম্মে সালমা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাহীন আলমের বিরুদ্ধে মামলা করেন।
এ ছাড়া রবিবার শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এক মানববন্ধনে সানজানাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে তার বাবাকে গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, সানজানা আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের শিকার।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালেই তার বাবা তাদের হাজি ক্যাম্পের ফ্লাটে ঢুকে মাসহ সানজানাকে মারধর করেন। এরপর মা থানায় অভিযোগ জানাতে গেলে সেখান থেকে মেয়েকে হাসপাতালে নেওয়ার খবর পান বলে জানিয়েছেন সানজানার মা উম্মে সালমা।
পুলিশ বলছে, বাবার দ্বিতীয় বিয়ের পর সাংসারিক অশান্তি ও নির্যাতন নিয়ে কয়েক দফা পুলিশের কাছে অভিযোগ করেন মা ও মেয়ে। চিরকুটেও বাবাকে অভিযুক্ত করার তথ্য পাওয়া গেছে।
দক্ষিণখান থানার ওসি মামুনুর রশীদ বলেন, কাপড় শুকানোর জন্য বাসার সিকিউরিটি গার্ডের কাছ থেকে ছাদের চাবি নিয়ে ওই ছাত্রী তাদের ১০তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
তিনি জানান, মৃত শিক্ষার্থীর বাবা শাহীন আলম পাঁচ বছর আগে তাদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন আগে দ্বিতীয় বিয়ের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর সানজানার মা দুই মাস আগে তার বাবাকে ডিভোর্স দেন। এজন্য তার বাবা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুষঙ্গিক খরচাদি দিতেন না বলে জানা গেছে।
প্রবা/এইচকে /এসআর