প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৮ পিএম
পরিবেশ দূষণের দায়ে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নয়টি যানবাহন ও পাঁচটি প্রতিষ্ঠান থেকে আড়াই লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। বায়ুদূষণের দায়ে দুটি অ্যালুমিনিয়াম বার তৈরির কারখানা বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা মহানগরের চকবাজার, ডেমরা, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বায়ুদূষণের দায়ে একটি স্টিল মিলকে ২ লাখ টাকা, মাত্রারিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের দায়ে একটি যানবাহন থেকে ৫ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে একটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যানবাহনের কালোধোঁয়ার ছড়িয়ে বায়ুদূষণের দায়ে ৮টি যানবাহন থেকে মোট ২১ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। ডেমরা এলাকায় বায়ুদূষণের দায়ে দুটি অ্যালুমিনিয়াম বার তৈরির কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। চকবাজার এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে তিনটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয় ১২ হাজার টাকা।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।