প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০১ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৯ এএম
রাজধানীতে বালিশচাপা দিয়ে আট বছরের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে সৎমায়ের বিরুদ্ধে। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পশ্চিম ধানমন্ডির শংকরে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম সাইম বাবু। তার সৎমায়ের নাম রেশমা খাতুন। পুলিশ তাকে আটক করেছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৩টার দিকে সাইম বাবুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে তার সৎমা রেশমা খাতুনকে আটক করা হয়েছে।
সাইম বাবুর চাচা মো. অপু জানান, তার ভাই মাহবুবুল পেশায় বাসচালক। গ্রামের বাড়ি দিনাজপুরে। গত মাসেই সাইম বাবুকে গ্রাম থেকে এনে মাদ্রাসায় ভর্তি করা হয়। সকালেও মাদ্রাসায় গিয়েছে, দুপুরে বাসায় এলে এমন ঘটনা ঘটে। তিনি আরও জানান, সাইমের সৎমা তার খালা হয়। তার মা অনেক আগেই মারা গেছেন। তিন মাস আগে রেশমা ও মাহবুব বিয়ে করেন। রেশমার আগের সংসারে একটি সন্তান রয়েছে।
ঘটনাস্থলে যান হাজারীবাগ থানার এসআই রুবেল আজাদ। তিনি বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৎমা রেশমা খাতুন বালিশচাপা দিয়ে সাইমকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’