প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০২ পিএম
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট। প্রবা ফটো
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে নকশা বহির্ভূতভাবে পাঁচ শতাধিক দোকান নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুদকের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
দুদক জানায়, অভিযানে প্রাপ্ত নকশা যাচাই করে মার্কেটে নকশা বহির্ভূতভাবে পাঁচ শতাধিক দোকানঘর নির্মানের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দুদক। তিনি বলেন, নকশা বহির্ভূতভাবে মার্কেটের পঞ্চম তলায় অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০২২ সালে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিবেদন দাখিল করলে দোকানগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
দুদকের একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, সুন্দরবন স্কয়ার মার্কেটের নকশা বহির্ভূত দোকান বরাদ্দ ও অবৈধ দোকান বরাদ্দের বিষয়ে দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম অনুসন্ধান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক।
দুদকের উপ-পরিচালক বলেন, ‘আমার কাছে এমন একটি অভিযোগ এসেছে। আমি বিষয়টি অনুসন্ধান করছি। অবৈধভাবে দোকান বরাদ্দের সত্যতাও বেড়িয়ে এসেছে অনুন্ধানে। পুরো কার্যক্রম শেষ না হলে বিস্তারিত বলা যাবে না।’