× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাঁসির আদেশ পাওয়া আরেক যুদ্ধাপরাধী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৯ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৬ পিএম

যুদ্ধাপরাধী ফাঁসির আসামি আব্দুল মজিদ। প্রবা ফটো

যুদ্ধাপরাধী ফাঁসির আসামি আব্দুল মজিদ। প্রবা ফটো

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আসামি হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলার বাসিন্দা আব্দুল মজিদ। বুধবার মধ্যরাতে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল মজিদসহ চারজনকে আসামি করে মামলা করেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের। পরবর্তীতে মামলার তদন্তে আরও তিনজন জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। আসামিদের বিরুদ্ধে আনীত সাতটি অভিযোগই প্রসিকিউশনের মাধ্যমে প্রমাণিত হলে ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট সাতজন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ৩৬তম রায় ছিল।’

তিনি আরও বলেন, ‘মামলাটির বিচারিক প্রক্রিয়া চলমান থাকাকালীন ২০১৫ সালে আব্দুল মজিদ তার নিজ এলাকা ছেড়ে ঢাকায় চলে আসেন এবং ফকিরাপুল এলাকায় কিছুদিন আত্মগোপনে থাকেন। এরপর তার আত্মীয়ের সহযোগিতায় মাদারীপুরে গিয়ে আত্মগোপন করে একটি কামিল মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে পলাতক জীবন শুরু করেন। ২০১৫ সাল থেকে মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালীন তিনি কখনোই আদালতে হাজিরা দেননি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর সদস্যরা আব্দুল মজিদকে মাদারীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হন।’

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিচার চলাকালে এই মামলার দুইজন আসামি আহম্মদ আলী ও আব্দুর রহমান মারা যান এবং রায় হওয়ার পর পলাতক অবস্থায় মারা যান আরও দুই আসামি রদ্দিন মিয়া ও আব্দুস সালাম বেগ। এ মামলার আরও দুইজন আসামি আব্দুল খালেক তালুকদার ও কবির খাঁ বর্তমানে পলাতক রয়েছেন।’

তিনি জানান, আব্দুল মজিদ নেত্রকোনার পূর্বধলা থানা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলে ২০১৫ সাল থেকেই তিনি পলাতক ছিলেন।

এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) মধ্যেরাতে রাজধানীর দক্ষিণখান ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করে র‌্যাব-২। তারা হলেন-নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা