জবি প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১১:৩৯ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর তুরাগে বিয়েবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্বামীর যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে তুরাগ বাউনিয়া বটতলার দ্বিতীয় তলায় আমানুল্লাহ রোডের এক বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মাসুদ মিয়া। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া রবিবার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া জানান, মাসুদ মিয়া ও তার স্ত্রী পলি আক্তার দুজনেই পোশাক শ্রমিক। তারা একে অপরকে বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে গতকাল ঘুমন্ত অবস্থায় স্বামীর যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটে দেন পলি। মাসুদের চিৎকারে বাড়িওয়ালা আনোয়ার হোসেনসহ অন্যরা ছুটে আসেন। চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ পলিকে আটক করেছে।