প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:১৫ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম
ফাইল ফটো
ঘন কুয়াশার কারণে শনিবার (৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আটটি ফ্লাইট। এর মধ্যে ৭টি ফ্লাইট ভারতের কলকাতা ও একটি ফ্লাইট মালয়েশিয়ায় অবতরণ করে। এতে বিপাকে পড়েছেন আকাশপথের ভ্রমণকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এখনও ৭টি ফ্লাইট ডিলে (দেরিতে পৌঁছবে) আছে।
শাহজালাল বিমানবন্দরের এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খারাপ আবহাওয়ার কারণে এখন প্রতিদিন রাত ৮/৯টা থেকে কুয়াশার প্রকোপ বৃদ্ধি পায় যা পরদিন সকাল ৭/৮টা পর্যন্ত স্থায়ী হয়। এ কারণে দিনে ফ্লাইটের চাপ বেড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ডিলে এড়িয়ে বিমান চলাচল স্বাভাবিক রাখতে।’
ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল যেন সব একসঙ্গে রাখা না হয় সেজন্য এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানায়, ঘন কুয়াশার কারণে পাইলট রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ফলে কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, বিমানের দাম্মাম, গালফ এয়ারের বাহরাইন, মাস্কাট থেকে সালাম এয়ার ও কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বাটিক এয়ারের ঢাকাগামী ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ করে।
পাশাপাশি এয়ার এশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর মাঝ আকাশ থেকে কুয়ালালামপুর ফিরে যায়। পাশাপাশি জেদ্দা থেকে ঢাকাগামী একটি ফ্লাইট যাত্রা বাতিল করেছে। একই কারণে ঢাকাগামী প্রায় ডজনখানেক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারছে না।
নির্দেশনায় বলা হয়েছে, কুয়াশা কমে গেলে আকাশে চক্কর দিতে থাকা ও কলকাতা থেকে আসা ফ্লাইটগুলোকে আগে অবতরণের সুযোগ দেওয়া হবে। এরপর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট উড্ডয়ন করতে দেওয়া হবে। এজন্য শিডিউল ফ্লাইটগুলো ছাড়তে খানিকটা দেরি হবে।