প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ২২:০৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:১২ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুরে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : প্রবা
ঢাকার বাসিন্দাদের সন্তানেরাই জাতীয় পর্যায়ের সবচেয়ে উত্তম খেলোয়াড় হিসেবে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, ‘ঢাকাবাসীর মনে একটা কষ্ট ছিল, ক্ষোভ ছিল যে, আমাদের সন্তানেরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তারা জাতীয় পর্যায়ে খেলোয়াড় হিসেবে উঠে আসতে পারছে না। সেই ক্ষোভ, সেই গ্লানি মোচন করে আমাদের সন্তানেরা, ঢাকার সন্তানেরাই হবে জাতীয় পর্যায়ের সবচেয়ে উত্তম খেলোয়াড়।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘৩য় ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘বিগত দুটি আয়োজনের ফলে ধীরে ধীরে ঢাকার ছেলেরা ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠা লাভ করছে। আমরা ঢাকা মেয়র কাপের সুফল পেতে আরম্ভ করেছি। ঢাকা মেয়র কাপ খেলে অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলে ২৪ নম্বর ওয়ার্ডের আকাশ ও ২৯ নম্বর ওয়ার্ডের রাজন এবং বিপিএলে কাজী অনিক অংশ নিচ্ছে। ঢাকা মেয়র কাপ এখন ঢাকার তরুণদের, যুবসমাজের একটি বড় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে।’
আগামী বছর মেয়র কাপের পরিসর আরও বাড়ানো হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা গতবার বলেছি, মেয়র কাপের কলেবর বৃদ্ধি করব। এবার আমরা ব্যাডমিন্টন খেলাকে যুক্ত করছি। আগামী বছর থেকে আমরা বাস্কেটবলও চালু করতে চাই।’
অনুষ্ঠানে মেয়র তাপস কিংবদন্তি ফুটবলার প্রয়াত পেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ এনে দেওয়ায় ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজীদা খানম, মধুমতি ব্যাংকের এমডি ও সিইও শফিউল আজম এবং করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ অনেকে বক্তব্য রাখেন।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিএসসিসি ৩৫ নম্বর ওয়ার্ড ও ৫২ নম্বর ওয়ার্ডের মধ্যকার ফুটবল ম্যাচের মধ্য দিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়।