ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: বাসস
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. সজীব (২৮) নামে এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
কারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সজীব। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান বলেও জানায় সূত্রটি।
কারারক্ষী সুজন জানান, সজীব কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। তার হাজতি নম্বর ২০১৩৬/২৬। তার বাবার নাম মো. সুলতান মিয়া।
তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।
এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।