প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৮:৪০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬ ১৮:৪৩ পিএম
অনুষ্ঠানে উদ্যোক্তা নাতাশা হায়াতকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলার বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি এবং উদ্যোক্তা চেতনাকে উদযাপন করে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন বিশ্বরঙ নীল উৎসব ২০২৬।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা খান, নাজিম হাসান সাত্তার, রাহুল বড়ুয়া, নওশাদ মোস্তফা, নাসরিন সুলতানা, মিডিয়া ব্যক্তিত্ব ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, সাংবাদিক শেখ সাইফুর রহমান, চিত্রশিল্পী জিয়া বিপ্লব এবং সংগীতশিল্পী হোমায়েরা বশির।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী দিলারা জামান, পারসোনা-এর প্রতিষ্ঠাতা কানিজ আলমাস খান, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, দীপা খন্দকার, শবনম ফারিয়া এবং সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির কর্ণধার বিপ্লব সাহা স্বাগত বক্তব্যে বলেন, “বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে এক মঞ্চে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য”।
এসময় নীল উৎসবকে সংস্কৃতি, শিল্প ও সম্ভাবনার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উদ্যোক্তা নাতাশা হায়াতকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ‘বিশ্বরঙ বর্ষামুখ ২০২৬’ ফটো কনটেস্টের নির্বাচিত প্রতিযোগীদের সম্মাননা দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা নারী, পুরুষ ও শিশু প্রতিযোগীদের সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের (বিটিএস) শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া ছিল লাইভ পেইন্টিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নির্বাচিত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন।
রীতি প্রভা ও সাদাব হাসমির প্রাণবন্ত উপস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, শিল্প প্রদর্শনী এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ।