প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬ ১৯:০২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬ ২০:২০ পিএম
বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছবি: ফেসবুক থেকে
গাজীপুরের রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী পরিবহনের ব্যবস্থাপক (ম্যানেজার) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ। ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী। টেক্সটাইল বিভাগের নাজমুল। বাংলা বিভাগের তৃণা। ডিএনএফডিটি বিভাগের আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।
স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে মাওনা, রাজেন্দ্রপুর ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
উত্তরা ইউনিভার্সিটির পরিবহনের ব্যবস্থাপক (ম্যানেজার) হুমায়ুন কবির জানান, দুপুর আড়াইটার দিকে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ৩০ জন শিক্ষার্থী নিয়ে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আসছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রাজেন্দ্রপুর চৌরাস্তায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২৩ জন শিক্ষার্থী আহত হয়।
উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক তৌসিক সরকার জানান, আহতদের মধ্যে গুরুতর জখম নেই। বেশির ভাগ শিক্ষার্থী বাসের জানালার কাচের আঘাত লেগে কেটে গেছে। কেউ কেউ বাসের ভেতরে চাপায় আহত হয়েছে। গুরুতর আহত বাস চালক এবং শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকেই চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সহায়তা প্রদান করা হচ্ছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে। আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে”।