প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৯:৪৫ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ১৯:৪৫ পিএম
তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কোরবানির পশুর হাটের কারণে ঢাকার উত্তরার মেট্রোরেল সংলগ্ন এলাকায় গাছপালার যে আংশিক ক্ষতি হয়েছিল, তা নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে আগের চেয়ে আরও সুন্দর ও মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান, এ ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি কিছু ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার সবুজায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।
কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শেষে তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সোমবার তিনি এ কথা বলেন। তিনি সাংবাদিকদের সরেজমিনে মেট্রোরেল এলাকার সবুজায়ন পরিদর্শনের আহ্বান জানিয়ে জনগণের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার অনুরোধ জানান।
প্রশাসক জানান, ‘ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ বাস্তবায়নের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে ডিএনসিসির আওতাধীন শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ইজারাদাররা ঈদ-পরবর্তী বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছেন এবং তিনি নিজে বিভিন্ন হাট পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন। এরপরও কোনো ইজারাদার দায়িত্ব পালনে গাফিলতি করলে তাদের জামানত থেকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোরবানির বর্জ্য অপসারণসহ নগর উন্নয়ন ও নগর পরিকল্পনা বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করায় সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।