মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক রোড এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সিটি করপোরেশনের সৌজন্যে
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আধঘণ্টার ব্যবধানে দুই সিটি করপোরেশন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করে।
ঈদের দিন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রথমে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে।
এরপর দুপুর দুইটার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিজ এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত ১২ ঘণ্টার আগেই ঢাকার সব বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী দুই দিনও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে, কারণ অনেক এলাকায় এখনও কোরবানির কাজ চলছে।
তিনি মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক রোড এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি জানান, ঢাকা উত্তরে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন এবং ৭৫২টি যানবাহন ব্যবহার করা হচ্ছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত ব্যাগে বর্জ্য রেখে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে দ্রুত অপসারণ করা সম্ভব হয়।
তিনি বলেন, পুরো সিটি করপোরেশন টিম নিরলসভাবে কাজ করছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, প্রথম দিনের বর্জ্য আট ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত ৯টার মধ্যে অপসারণ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার আগেই, অর্থাৎ রাত দুইটার মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে।
ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, ঈদের দিনসহ পরবর্তী দুই দিন মিলিয়ে টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম বলেন, ঈদের প্রথম দিনে প্রায় ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন বর্জ্য অপসারণের লক্ষ্য রয়েছে। তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।