গরুর গুতোয় এবং অনেকে কোরবানির সময় ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে গরুর গুতো ও ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন অন্তত ৮০ জন।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আহতরা হাসপাতালে আসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে অনেকে গরুর গুতোয় এবং অনেকে কোরবানির সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন মো. ফারুক মোল্লা, মো. আনিছ, শাহের আলী, জাহিদ, হারুন, তৌহিদ, রাহাত, করিম সিকদার, বেলাল হোসেন, জুয়েল, আবু কালাম, হাফিজুর রহমান, মো. আরজু হোসেন, তৌহিদ ইসলাম, ইব্রাহিম, ইহছাক, আইউব আলী ও তারিকুল হাওলাদারসহ আরও অনেকে।
এ বিষয়ে কথা হয় গরুর গুতোয় আহত হওয়া হারুনের সঙ্গে।
তার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এখন মোটামুটি আলহামদুলিল্লাহ।”
কীভাবে তিনি আহত হলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গরু শোয়ানোর পর মাথা দিয়ে বাড়ি মারছে।”
এতে আমি বাম পায়ে আঘাত পাই তবে মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসছি, বলেন তিনি।
অপর আহত জুয়েলের সঙ্গে আসা এক ব্যক্তি প্রতিদিনের বাংলাদেশকে জানান, মহিষ কোরবানি দিতে গিয়ে জুয়েল আহত হন। তবে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকাল থেকে এখন পর্যন্ত গরুর গুতো ও ছুরিকাঘাতে আহত হয়ে ৮০ জন হাসপাতালে এসেছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জরুরি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আবার কেউ পর্যবেক্ষণে রয়েছেন। কয়েকজনকে ভর্তি করানোর প্রয়োজন হতে পারে।