প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৯:২৪ পিএম
আপডেট : ২৮ মে ২০২৬ ০৭:৩৩ এএম
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
ঈদের জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেমদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। এতে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন।
সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। এ জামাতে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
সবশেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।