প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৭:৩৭ পিএম
আপডেট : ২৭ মে ২০২৬ ২০:২০ পিএম
ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা বিভাগ) মো. মহসীন। বাকি সদস্যরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (আইন শাখা) ও স্বাস্থ্য অধিদপ্তরে উপ-পরিচালক (হাসপাতাল-১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে নবজাতকদের মৃত্যুর কারণ অনুসন্ধান, দায় নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে হবে।
প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং এনআইসিইউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার কারিগরি দিক খতিয়ে দেখতে ইতোমধ্যে সিআইডির একটি বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।