প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৪:১১ পিএম
আপডেট : ২৭ মে ২০২৬ ১৪:১৪ পিএম
দুর্ঘটনার পর বুধবার সাংবাদিকের সঙ্গে কথা বলেন হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘দুর্ঘটনাজনিত’ বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং এসি বন্ধ থাকায় শ্বাসকষ্টের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন।
দুর্ঘটনার পর বুধবার সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
তিনি বলেন, “যে ওয়ার্ডে ঘটনাটা ঘটে সেটা ছিল পোস্ট অপারেটিভ ওয়ার্ড। সেখানে ১১টা রোগী ছিল। বাচ্চা ছিল ছয়টা। আর বাকি রোগীর বাচ্চারা এনআইসিউতে ছিল। হঠাৎ করে আমরা খবর পেয়েছি যে ছয়টা বাচ্চার একসাথে শ্বাসকষ্ট হয়েছে এবং (সকাল) ৬টার সময় তাদেরকে এনআইসিউতে নিয়ে যাওয়া হয়”।
এনআইসিউতে নেওয়ার আগেই দুজন শিশু মারা যায় জানিয়ে ডা. নাহিদা বলেন, “এনআইসিউতে নেওয়ার পর দুটো বাচ্চাকে মৃত পাওয়া গেছে। আর বাকি চারটা বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল। তাদেরকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল। আমাদের নিওনেটাল আইসিউর যে ডাক্তাররা আছে তারা অনেক চেষ্টা করেছে। কিন্তু তারপরও সেই বাচ্চাগুলোকে বাঁচানো যায়নি”।