আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: সংগৃহীত
ঢাকার মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।
ঘটানার পর ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম শিশুদের মৃত্যর খবর নিশ্চিত করেন।
গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, তিনি ছয় নবজাতকের মৃত্যুর খবর পেয়েছেন।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ তারা হাসপাতালে অবস্থান করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। তার ভাষ্য অনুযায়ী, ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে শিশুদের মৃত্যু ঘটে থাকতে পারে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন জানান, ঘটনার ওয়ার্ডটি ছিল পোস্ট ডেলিভারি ওয়ার্ড, যেখানে ১১ জন মা এবং ৬ নবজাতক অবস্থান করছিল। তিনি বলেন, ওয়ার্ডটি এসি-নিয়ন্ত্রিত ছিল এবং রাতে মায়েরা ঠান্ডা লাগার কারণে এসি বন্ধ করার কথা জানান।
তিনি আরও বলেন, রাত তিনটার দিকে দুই নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয় এবং পরে তারা স্থিতিশীল ছিল বলে জানানো হয়। পরে সকাল ৬টার দিকে আবারও নবজাতকদের অবস্থার অবনতি দেখা দিলে ছয়জনকেই এনআইসিইউতে নেওয়া হয়।
তার ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার সময় দুই নবজাতক মারা যায় এবং বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।
তবে এর আগে দুপুর ১২টার দিবে ঘটনার বিষয়ে জানতে হাসপাতালের হটলাইন নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রতিদিনের বাংলাদেশকে জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, “এ বিষয়ে কথা বলতে হলে সরাসরি এসে কথা বলতে হবে।”
একই সঙ্গে তিনি জানান, তারা কিছুক্ষণ আগে দায়িত্বে যুক্ত হয়েছেন এবং ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানেন না।
তিনি আরও জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর তার নজরে এসেছে, তবে হাসপাতালের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তথ্য দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।