মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৮:১২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১৮:১৪ পিএম
প্রতীকী ছবি
ঢাকার লালবাগের আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে মো. জাহেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজিমপুর সরকারি কলোনির ওই পুকুরে সোমবার বিকাল পৌনে ৩টার দিকে গোসল করার সময় জাহেন পানিতে ডুবে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিকালে জাহেন পুকুরে গোসল করতে নেমেছিল। ডুবে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।