হঠাৎ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে নগরবাসী স্বস্তি পেলেও দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। ছবিটি ঢাকার নিউমার্কেট এলাকায থেকে তোলা। ছবি: আরিফুর আমিন প্লাবন/ প্রতিদিনের বাংলাদেশ
কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল ঢাকাবাসীর জীবন। তীব্র গরমে শনিবার রাতজুড়ে নগরবাসীর অবস্থা ছিল অগ্নিকুণ্ডে বসবাসের মতো।বৈদ্যুতিক পাখার বাতাসও যেন গরম অনুভূত হচ্ছিল।
আরও পড়ুন: হিলিতে ৩ ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত |
পরদিন রবিবার বিকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও রাতে আবারও ফিরে আসে ভ্যাপসা আবহাওয়া।
এমনকি সোমবার সকালেও তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল নগরজীবনে। তবে দুপুর গড়াতেই হঠাৎ বদলে যায় প্রকৃতির রূপ। বেলা সোয়া ১১টা পর্যন্ত ঝকঝকে রোদ থাকলেও সাড়ে ১১টার পর ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দিনের আলো ম্লান হয়ে ভরদুপুরেই নেমে আসে সন্ধ্যার আবহ।
পূর্ব আকাশে কালো মেঘের আনাগোনার পর শুরু হয় ঠাণ্ডা বাতাস। এরপরই ঢাকার বিভিন্ন এলাকায় নেমে আসে বৃষ্টি। রাস্তাঘাট, গাছপালা, বাসাবাড়ি ও বাসস্ট্যান্ডে ছড়িয়ে পড়ে বৃষ্টির ছোঁয়া।
এতে তাপমাত্রা কিছুটা কমে নগরবাসী স্বস্তি পেলেও দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।
২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সরকারি ছুটি। ফলে ঢাকার মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।
অনেককে টিকিট সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কমলাপুর রেলস্টেশনেও ছিল একই চিত্র।
তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে তুলনামূলক স্বস্তি দেখা গেছে। কারণ লঞ্চের টিকিট মাঝপথেও পাওয়া যায়। অন্যদিকে বৃষ্টির কারণে বাস ও ট্রেনের যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়েছে রিকশা ও যানবাহনের ভাড়া। এতে পথচারীদের চলাচলেও ধীরগতি দেখা গেছে।
ঢাকার বিভিন্ন এলাকায় আবার অনেককে ছাদে উঠে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে। দীর্ঘ গরমের পর বৃষ্টির স্পর্শে কিছুটা স্বস্তি ফিরে পেলেও যানজট ও জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় এবং রংপুর, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।