প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:১৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১১:১৭ এএম
ঢাকার হাতিঝিলে শনিবার রামিসাসহ দেশের বিভিন্ন ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেছে ফেনী রান ক্লাবের রানারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক রানিং ইভেন্টে অংশ নিয়ে রামিসাসহ দেশের বিভিন্ন ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেছে ফেনী রান ক্লাবের রানারা।
রাশিয়ান হিরো লিগের উদ্যোগে শনিবার ঢাকার হাতিরঝিলে এ কর্মসূচি পালিত হয়। বিশ্বের ৩৮টি দেশে একযোগে এটির আয়োজন করা হয়।
ইভেন্টে ফেনী রান ক্লাবের সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেন। বিশ্বের বিভিন্ন দেশে একই সময়ে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় হাফ ম্যারাথন হিসেবে ইভেন্টটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।
এবার বিশ্বের ৩৮টি দেশে প্রায় ২ লাখ ৫০ হাজারের বেশী রানার এই ইভেন্টে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউথ অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন জাইমা রহমান।
ফেনী রান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক এমন প্ল্যাটফর্মে ফেনীকে তুলে ধরতে পারা তাদের জন্য গর্বের বিষয়। তারা মনে করেন, ফেনীর তরুণ সমাজের ফিটনেস, শৃঙ্খলা ও ইতিবাচক কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও তুলে ধরতে সকল ফেনীবাসীর ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।
ক্লাবটির সদস্যরা আশা প্রকাশ করেন, ফেনীবাসীর সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরও বড় বড় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ফেনীর প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন তারা।
ফেনী রান ক্লাব দীর্ঘদিন ধরে ফেনীতে ফিটনেস সচেতনতা নিয়ে এক্টিভলি কাজ করে যাচ্ছে। প্রতি শুক্রবার সকালে তারা আয়োজন করে ফিটনেস ক্যাম্প এবং গ্রুপ রান।