প্রতীকী ছবি
ঢাকার বনানীতে চলন্ত ট্রেনের ছাদ হতে পড়ে আনুমানিক ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বনানী থানাধীন সৈনিক ক্লাব এলাকায় বুধবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা সিনথিয়া আক্তার বলেন, “সৈনিক ক্লাবের কাছে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”।
চিকিৎসকের বরাতে ঢামেক পুলিশ ইনচার্জ ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। নিহত শিশুর নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।