বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৭:১৭ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ১৭:১৭ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
ঢাকার তেজগাঁওয়ে আয়োজিত মঙ্গলবার ‘ভূমি সেবা মেলা’-এর বিভিন্ন স্টল পরিদর্শনকালে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তাও দেন তিনি। সম্প্রতি ঢাকার লালবাগ এলাকায় সরকারের প্রায় ১ একর খাস জমি অবৈধ দখলদারদের কবল থেকে সফলভাবে পুনরুদ্ধার করায় জেলা প্রশাসক ফরিদা খানমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অভিযানের দৃঢ়তা, প্রশাসনিক সাহসিকতা ও দ্রুত বাস্তবায়নে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন—প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সরকারি জমি দখল করে আছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সরকারি জমি উদ্ধারে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশনাও দিয়েছেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা খানম নাগরিক সেবা সহজীকরণে ঢাকা জেলা প্রশাসনের নতুন উদ্যোগ ‘হ্যালো ডিসি’ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং জনবান্ধব ও সহজতর নাগরিক সেবা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান।
এর আগে গত ১৩ মে ঢাকার লালবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক ঐতিহাসিক অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা প্রায় ১ একর জমি এই অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত এই সাহসী পদক্ষেপটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। উদ্ধার হওয়া এই মূল্যবান জমিতে জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এদিকে ভূমি সেবা মেলা-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৪৭টি চেকের মাধ্যমে ৮৮ জন ব্যক্তির মাঝে মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৫১৭ টাকার ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বিতরণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ই-নামজারি আবেদন ও নিষ্পত্তির ক্ষেত্রে ঢাকা জেলা সারা দেশে শীর্ষস্থান ধরে রেখেছে। গত ৩০ দিনে ঢাকা জেলায় প্রায় ৩০ হাজার আবেদনের বিপরীতে ২৩ হাজার ৬৩টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে মাত্র ১৯ দিন, যা ভূমি মন্ত্রণালয় নির্ধারিত ২৮ দিনের সময়সীমার চেয়ে অনেক কম।