প্রতীকী ছবি
মুগদায় একটি বাসার বেজমেন্ট থেকে পলিথিন মোড়ানো অবস্থায় অর্ধ গলিত সাত টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুগদা থানার মান্ডার আব্দুল করিম রোডের ২৬০/১ শাহনাজ ভিলা বেজমেন্ট থেকে রবিবার অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আবু রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা খবর পেয়ে মান্ডার আব্দুল করিম রোডের একটি বাসা থেকে দুপুর দেড়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পচা গলা ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে”।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির গলার নিচ থেকে পেটের ভুঁড়ি বের হওয়া, ডান হাতের বগল থেকে বিচ্ছিন্ন, বাম হাতের কনুই থেকে বিচ্ছিন্ন, উভয়পায়ের উরো থেকে হাঁটুর নিজ পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ডি এন এ নমুনা সংগ্রহ ও প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।