প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ২০:২৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬ ২০:৪০ পিএম
শেরে বাংলা নগর থানা। ছবি: ডিএমপি
শেরে বাংলানগর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল হারানোর অভিযোগ করেছেন এক সাংবাদিক।
শ্যামলীর শিশুমেলার সামনে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম কাজী শফিউল ইসলাম (আল আমিন)। তিনি প্রতিনিদের বাংলাদেশ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ঢাকা মেডিক্যাল কলেজের প্রতিনিধি হিসেবে কর্মরত বলে জানা গেছে।
ভুক্তভোগীর ভাষ্য, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলানগর থানার আওতাধীন শিশুমেলা এলাকার সামনে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তার মোবাইল ফোনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
কাজী শফিউল ইসলাম বলেন, “ঘটনার পর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম সহযোগিতার চেষ্টা করলেও ক্রাইম পুলিশ থেকে তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। তার অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়”।
তিনি আরও বলেন, “থানায় গিয়ে সহযোগিতা চাইলে পুলিশ সদস্যরা ‘আমরা কী করব’—এমন মন্তব্য করেন। তার দাবি, এর আগেও ওই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কার্যকর পদক্ষেপ না থাকায় অপরাধ বেড়েই চলেছে।
এ ঘটনায় শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “কাজী শফিউল ইসলাম, বুধবার তার কাছ থেকে মোবাইল ছিনতাই হয়েছে। এ ব্যাপারে আমাদের থানায় একটি জিডি করেছে। আমরা খোঁজ নেয়ে পরবর্তী ব্যবস্থা নেব”।