প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ ২১:১৮ পিএম
আপডেট : ১২ মে ২০২৬ ২১:২৯ পিএম
সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সোমবার এক সভায় অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির নগর ভবনে সোমবার এক সভায় এ সিদ্ধান্তগুলোরে কথা জানানো হয়।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে, টার্মিনালের অভ্যন্তরে থাকা ৬টি ব্লকের ১১০টি টিকিট কাউন্টার ন্যায্যতার ভিত্তিতে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। এ কাজে পরিবহন মালিক সমিতি ডিএসসিসি ও ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় সহায়তা করবে।
টার্মিনালের বাইরে বা আশপাশে গড়ে ওঠা সকল অনুমোদনহীন কাউন্টার এবং টার্মিনালের অভ্যন্তরের অবৈধ দোকানপাট দ্রুত উচ্ছেদ করা হবে।
সভায় টার্মিনাল সংস্কারের বিষয়ে জানানো হয়েছে, মূল নকশা অনুযায়ী বাস চলাচলে ফ্লাইওভারের ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় উন্মুক্ত স্থানে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এছাড়া টার্মিনালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসন এবং পরিত্যক্ত বাসের অবশিষ্টাংশ সরিয়ে ফেলা হবে।
এছাড়া যাত্রীসেবা বৃদ্ধিতে টার্মিনালে একটি আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, সুপরিসর বিশ্রামাগার, পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট এবং নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি ও নিয়ন সাইনবোর্ড স্থাপন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনালের পরিপূর্ণ ব্যবহারের বিকল্প নেই। পরিবহন মালিক ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে সায়েদাবাদকে একটি আধুনিক ও ব্যবহার উপযোগী টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে।" তিনি এ বিষয়ে সকল অংশীজনের সহায়তা প্রত্যাশা করেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, বাসগুলো টার্মিনালের ভেতর থেকে চলাচল করলে একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে ঈদসহ বিশেষ সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সরকার ও মালিক-শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত যাত্রীসেবা নিশ্চিত করতে চাই।
সভায় ডিএসসিসির কর্মকর্তারা এবং সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।