জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার সোমবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাড়ে ৮টার দিকে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) এবং রাকিব (১৬)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, সকাল ৬টার দিকে আমরা বিকট শব্দ পেলে বাসায় গিয়ে দেখতে পাই দগ্ধ অবস্থায় বাবা-ছেলেরা আগুনে ঝলসে গেছে। পরে জানতে পারি ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এই ঘটনা ঘটে। পরে আমরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
তিনি আরও জানান, আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক। তিনি কুতুবপুর লাকিবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় থেকে দগ্ধ হয়ে চারজন এসেছে। আব্দুল কাদেরের ৫৭ শতাংশ দগ্ধ, তার তিন ছেলে- মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।