প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৮:৪৪ পিএম
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের উপস্থিতিতে রবিবার ভূমি অধিগ্রহণ অনুবিভাগের ৫টি শাখায় এই পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে সদ্য যোগদান করা ১২ জন কানুনগোকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের উপস্থিতিতে রবিবার ভূমি অধিগ্রহণ অনুবিভাগের ৫টি শাখায় এই পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়।
পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মূলত বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই জেলা প্রশাসক লটারির মাধ্যমে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম এলএ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিশেষ করে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা মিজ ফরিদা খানম বলেন, ‘ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ ও প্রত্যাশা সরাসরি জড়িত। তাই এই কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি’।
তিনি বলেন, ‘ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। দ্রুততম সময়ে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার পাশাপাশি সেবার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে’।