মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ২২:৫৩ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো
ঢাকার কদমতলীর রায়েরবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. সুমাইয়া নুর তাকওয়া (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বুধবার রাত সোয়া আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত তাকওয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকার মো. নুর আলম খানের মেয়ে। সে স্থানীয় সুমাইয়া মারজিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। নিহতের খালা মোছা. তানজিলা আক্তার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার সকালে তাকওয়া নারায়ণগঞ্জ থেকে কদমতলীর রায়েরবাগে নানার বাসায় বেড়াতে আসে। সন্ধ্যায় নানির সঙ্গে রায়েরবাগ টাকার মাথা এলাকায় রাস্তায় হাঁটার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।