মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৯:১১ পিএম
ঢাকার শাহবাগে একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানা হাবিবুল্লাহ রোডের (ইউরেকা সালেহা প্যালেসের) একটি বাসায় সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
নিহত জিসান ধানমন্ডির পপুলারে চাকরি করতেন। তিনি চুয়াডাঙ্গা সদরের জেলার পলাশ পাড়া গ্রামের মো. আহসান হাবিবের ছেলে। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিলেন ছোট।
নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে। ইন্টার্নি শেষ করে ধানমন্ডির পপুলার হাসপাতালে কাজ করে আসছিল।
হাফিজুর বলেন, আমরা কয়েকজন মিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের (ইউরেকা সালেহা প্যালেস) নামে একটি বাসায় মেস করে থাকতাম। আজ দুপুরে জিসানকে রুমমেট দীপ্ত সিংহ তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। পরে তাকে ডাকাডাকি করেন, কোনো সাড়াশব্দ না পেয়ে, জিসানকে দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে, কীভাবে সে মারা গেছেন, এ বিষয়ে কিছুই বলতে পারবো না, ও কিছু সেবন করেছিল কিনা তাও জানি না।
বেশ কিছুদিন ধরে জিসান হাইপার টেনশনে ভুগছিলেন বলেও জানিয়েছেন সহকর্মী হাফিজুর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।