× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে ছিল ২ লাখ ইয়াবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৬:৩৪ পিএম

আপডেট : ০৪ মে ২০২৬ ১৬:৫০ পিএম

ঢাকার সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ওয়ারীতে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুর্জয় দত্ত নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমানের তত্ত্বাবধানে ও ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে একটি দল রবিবার বিকেলে ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কালো রঙের প্রিমিও ব্র্যান্ডের প্রাইভেট কার তল্লাশি করে সেটির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িটি জব্দসহ মাদক কারবারে জড়িত দুর্জয় দত্তকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। চক্রটি বড় বড় চালানের মাধ্যমে ঢাকার অভিজাত এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাইকারি মাদক কারবারি কাছে ইয়াবা পৌঁছে দিত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় মামলা করা হয়েছে।

ঢাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার আরও ৫

একই দিনে ঢাকার বিভিন্ন এলাকায় আরও চারটি পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৭৮০ পিস ইয়াবা ও ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএনসি।

এর মধ্যে যাত্রাবাড়ী থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শহীদ (২৮), বনানীর টিঅ্যান্ডটি মাঠ ও কড়াইল বস্তি এলাকা থেকে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪), এবং সিদ্ধিরগঞ্জ থেকে ২ হাজার পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার রুবিকে (২৭) গ্রেপ্তার করা হয়।

এছাড়া, কুড়িল এলাকার একটি কুরিয়ার সার্ভিস সেন্টারে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার সকালে মো. সেলিম আশরাফ (২৯) নামের একজনকে গ্রেপ্তার করে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপর এক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও তৈরির সরঞ্জামসহ মো. সাদেক মোল্লা (৫৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ ও ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা