মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ২২:৪৯ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার ডেমরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ডেমরা কোয়ার্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।