মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ২১:২৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ২২:০০ পিএম
প্রতীকী ছবি
ঢাকার নিউমার্কেট থানা এলাকায় ৩০-৩৫ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।
নিউমার্কেট থানার শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই যুবককে গুলি করা হয়।
পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, নিউমার্কেটের শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তকারীর গুলিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন তিনি। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী রতন নামে এক কিশোর বলেন, লোকটি দ্রুত হেঁটে যাচ্ছিল। পেছন দিক থেকে মাস্ক পরিহিত এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে দৌড়ে তার কাছে গিয়ে আরও দুটি গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর আবার তার সামনে গিয়ে মাথায় ঠেকিয়ে গুলি করে।
তিনি আরও বলেন, লোকজন চিৎকার দিলে সে একটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলের পেছনে উঠে বিডিআর গেটের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।