মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৭ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ২০:১৫ পিএম
ঢাবিতে বজ্রপাতে আহত শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বজ্রপাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
অপরাজেয় বাংলার সামনে রবিবার বিকাল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আহত দুই শিক্ষার্থী হলেন—মোছা. সুফিয়া আক্তার (২২) ও মোছা. ফারাহ আক্তার (২২)। তারা দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা আগলিনা জানান, বিকালে বৃষ্টির সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে সুফিয়া ও ফারাহ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন রয়েছেন।