প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৫২ পিএম
শিশুদের নানামুখী প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বিশ্ব চিত্রকলা দিবস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিশুদের নানামুখী প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বিশ্ব চিত্রকলা দিবস।
‘অভিব্যক্তির প্রকাশ: শিল্পের মাধ্যমে মানবতার বিকাশ’ (A Garden of Expression: Cultivating Community Through Art) —এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ এপ্রিল পিএসডিআই ফাউন্ডেশন ও ছায়াতল বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঢাকার ছায়াতল বাংলাদেশ পরিচালিত একটি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রঙ-তুলি আর সাদা কাগজের ক্যানভাসে শিশুরা ফুটিয়ে তোলে আগামীর স্বপ্ন ও সৃজনশীলতা। শিশুদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং শিল্পের মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী তানজিমা তাবাচ্ছুম এশা। তিনি ‘কালারস ফর পিস’-এর বাংলাদেশ অ্যাম্বাসেডর এবং বাংলাদেশ শিশু অ্যাকাডেমির প্রশিক্ষক হিসেবে কর্মরত।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পিএসডিআই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় মজুমদার, চিত্রশিল্পী তানজিমা তাবাচ্ছুম এশা এবং ছায়াতল বাংলাদেশের প্রজেক্ট অফিসার মৈত্রী বিশ্বাস। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সামিয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে চৈতি আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করে মারজান আক্তার। এছাড়া অংশগ্রহণকারী সকল শিশুর উৎসাহ বৃদ্ধিতে বিশেষ শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
পিএসডিআই ফাউন্ডেশন ও ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মাঝে শিল্পচর্চার আগ্রহ বৃদ্ধি এবং একটি সহমর্মী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। অনুষ্ঠানে পিএসডিআই ফাউন্ডেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন মো. ইসহাক ফারুকী এবং মানস মিস্ত্রী।