মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৭ পিএম
ঢাকার ব্যস্ততম নিউমার্কেট এলাকায় ফুটপাতের পুরোটা দখল করে পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ দোকানিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফুটপাতে ব্যবসায়ীদের সিটি করপোরেশন থেকে লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএস সিসি) প্রশাসক আব্দুস সালাম।
ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের সামনের বুধবার ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ফুটপাতে যে ব্যবসা করবে তাকেও আইন এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এজন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব “।
ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে জরিপ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “পুলিশ অলরেডি জরিপ করতেছে যে, কারা ফুটপাতে ব্যবসা করতে পারবে আর কারা পারবে না। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এ ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই।
হকারদের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “হকার কোথায় বসবে এটার জন্য আমরা একটা পরিষ্কার গাইডলাইন দেব”।
হকারদের উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, “আমরা হকারদের উচ্ছেদের প্রসঙ্গে আসতে চাই না। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো”।
তিনি আরও বলেন, “আমরা এই ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করবো। আমরা হলি ঈদে মার্কেট করবো, যেটা শুক্র এবং শনিবার খোলা থাকবে”।
ঢাকা শহরের অতিরিক্ত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, “আজকে ট্রাফিক সিস্টেম ঠিক করতে হলে, রিকশা এবং ট্রাকসহ যানবাহনকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। রিকশা ঢাকা শহরে কতগুলো চলবে এটা ঠিক করতে হবে। সেটার জন্য রিকশার নতুন করে লাইসেন্সের ব্যাপারটা আমরা চিন্তা করছি। কারো পেটে যাতে লাথি না পড়ে সেটা আমরা দেখবো এবং আমরা সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো”।
এসময় উপস্থিত ছিলেন, ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জহিরুল ইসলাম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার আসাদুজ্জামান ও ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।