মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪০ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৫:৪৬ পিএম
ঢাকার যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে । গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।
গুরুতর আহত অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান জানান, খবর পেয়ে আসমা আলী পাম্পের সামনে থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরিচয় নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসআই ইরফান আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।