মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১৭:৩০ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার ভাটারা থানাধীন সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাকী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এদিন সকাল ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে পুলিশ সোলমাইদ এলাকায় যায়। সেখান থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, গত দুই-তিন দিন ধরে ওই নারীকে এলাকায় ভবঘুরে অবস্থায় দেখা গিয়েছিল। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওই বৃদ্ধার পরনে কমলা রঙের সালোয়ার-কামিজ ছিল। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।