প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৫:০৯ পিএম
ফাইল ফটো
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়া ড্রোন পরিচালনার একটি ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ড্রোনটি জব্দ করা হয়েছে।
বিমানবন্দরের ভিআইপি পোল গেটের সামনে শুক্রবার রাত ৮টা ৩৭ মিনিটে ভিডিও ধারণের সময় ডিজেআই মেভিক-৪ প্রো (DJI Mavic 4 Pro) মডেলের ড্রোনটি জব্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর পূর্বানুমতি ছাড়া বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থী।
প্রসঙ্গত, “ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০” অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’ এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সকলকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেববিচক।