প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১২:৩৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৪ পিএম
হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থী সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার হাজারীবাগ এলাকার একটি ভাড়া বাসায় সীমান্ত (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, অচেতন অবস্থায় উদ্ধারের সময় তার মুখে ‘বিষের’ দুর্গন্ধ পাওয়া যায় বলে জানায় তার পরিবার।
সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অচেতন অবস্থায় শুক্রবার রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, সীমান্ত হাজারীবাগের মনেস্বর রোডে একটি বাসায় সাবলেট থাকতেন। তিনি বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে রুমের দরজা বন্ধ করে রাখেন।
দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে রুমমেট বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের চাচা রুহুল আমিন জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত পদার্থের গন্ধ পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, তিনি বিষ পান করেছেন।
তবে কেন তিনি এমনটি করেছেন, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।